Site icon দৈনিক বঙ্গচিত্র

বিজেপির বড় জয়ের পরদিনই সাবেক মন্ত্রী আর কে সিংকে বহিষ্কার

বিহার বিধানসভা নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফল পাওয়ার পরদিনই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে দল থেকে বহিষ্কার করেছে। এনডিএ জোট ৮৯টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হয়ে উঠলেও, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

শনিবার (১৫ নভেম্বর) বিজেপি তাকে বহিষ্কার করে। এদিন একই অভিযোগে এমএলসি অশোক আগরওয়ালকেও দল থেকে বাদ দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমস জানায়, দলের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়—দলবিরোধী কার্যকলাপ ও বারবার দল নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখতে এ পদক্ষেপ জরুরি ছিল। দু’জনকেই এক সপ্তাহের মধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।

দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, বিহার নির্বাচনের সময় আর কে সিং নিজের দলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ করছিলেন। তাছাড়া তিনি ফেসবুকে ভোটারদের আহ্বান জানিয়েছিলেন যেন অপরাধমূলক রেকর্ড থাকা প্রার্থীদের ভোট না দেন। ওই তালিকায় এনডিএর বেশ কয়েকজন প্রার্থীও ছিলেন, যার মধ্যে জেডি(ইউ)-এর অনন্ত সিং এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও ছিলেন।

বিজেপির চিঠিতে বলা হয়, সিংয়ের আচরণ দলকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এটি স্পষ্টভাবে শৃঙ্খলাভঙ্গ। তাই তাকে বরখাস্ত করে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এরই মধ্যে বিহার নির্বাচনে এনডিএ জোট দুই শতাধিক আসন পেয়ে সুস্পষ্ট বিজয় পেয়েছে, আর কংগ্রেস–আরজেডি জোট বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে।

Exit mobile version