বাংলাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত হয়েছে প্রতীকী রোড প্রটেস্ট। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিডিয়া চত্বরে এসে এই কর্মসূচি শেষ হয়।
আয়োজনে নেতৃত্ব দেয় ‘এরাইজ ইয়ুথ ফাউন্ডেশন’। সহযোগী সংগঠন হিসেবে ছিল Stand By The Helpless People, Begum Rokeya University Debate Association (BRUDA) এবং Youth for NextGen। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সাধারণ তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে স্লোগান দেন এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বেরোবি ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি সায়মাতুজ্জাহান মুন বলেন, "একটি ঘটনার বিচার না শেষ হতেই আরেকটি নতুন ঘটনা ঘটে যাচ্ছে। এটা রাষ্ট্রের দুর্বল বিচারব্যবস্থার ফল। কঠোর শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না।"
আরেক শিক্ষার্থী সিয়াম বলেন, "যেভাবে চুরির কঠোর শাস্তি চুরি কমিয়েছে, ঠিক তেমনই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে সমাজে ভয় তৈরি হবে।"
আয়োজকদের মতে, নারীর প্রতি সহিংসতা রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তোলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বার্তাই ছিল এই প্রতীকী রোড প্রটেস্টের মূল উদ্দেশ্য। তারা বলেন, "আর নয় নীরবতা— আমরা পরিবর্তনের পাশে।"