শিরোনাম:
ভারতের সঙ্গে সম্পর্কে ‘নতুন অধ্যায়’ খুঁজছে বাংলাদেশ: দিল্লির হাইকমিশনার
ভারতের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশ—এমন মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি বলেছেন, দুই দেশের জন্যই ভবিষ্যৎ সম্ভাবনার জায়গা তৈরি করতে ‘একটি নতুন ক্যানভাস’ খোঁজা হচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) কলকাতার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
হামিদুল্লাহ বলেন, নতুন পথ তৈরির কথা বলা যত সহজ, বাস্তবে সেটা তত চ্যালেঞ্জের। কারণ আলোচনার টেবিলে থাকে সংবেদনশীল অনেক ইস্যু। তবুও এটাই দুই দেশের সম্পর্কের স্বাভাবিক ধরন। সম্পর্ককে এগিয়ে নিতে হলে এক অংশে আটকে থাকা যাবে না।
ভারত–বাংলাদেশ সম্পর্ককে তিনি ‘স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বা অর্গানিক’ বলে মন্তব্য করেন। তার মতে, দুই দেশ দ্রুত উন্নতি করছে আর পর্যটনের মতো খাতে বিবেচনা করলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আড়াই হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
তিনি জানান, বাংলাদেশের বন্দর ও লজিস্টিক অবকাঠামোতে নতুন সক্ষমতা যোগ হওয়ায় ভবিষ্যতে বাণিজ্যের নতুন দিক খুলবে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই–এর সাম্প্রতিক প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, দুই দেশের বাণিজ্য ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
হাইকমিশনার বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে কোনো সীমাবদ্ধতা নেই। দুই দেশের সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের বন্ধনে দাঁড়িয়ে আছে এবং এতে পারস্পরিক নির্ভরতার ভূমিকা বড়।
তিনি আরও জানান, আগামী বছর নয়াদিল্লিতে একটি বাংলা চলচ্চিত্র উৎসব করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের পূর্বপুরুষদের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের সুযোগ বাড়ানোর প্রস্তাব দেন।