
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্লান্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সমাধান না হওয়ায় বিক্ষোভকারীরা গেটে তালা লাগিয়ে দেন। পাওয়ার প্লান্টের ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ক্ষমতা তাদের নেই, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপরও আন্দোলনকারীরা গেটে তালা লাগিয়ে তাদের ভেতরে আটকে রেখেছেন।
ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারীরা সকাল থেকেই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধের হুঁশিয়ারি দিয়ে জেলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহনে বিভিন্ন কর্মসূচি পালন করেন। বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ শেষে তারা ট্রাকযোগে বোরহানউদ্দিনে যান এবং আবদুল জব্বার কলেজ মাঠে আরেকটি সমাবেশে অংশ নেন।
ঘোষণা অনুযায়ী শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রের বদলে আন্দোলনকারীরা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ শুরু করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।