Site icon দৈনিক বঙ্গচিত্র

মধ্যপ্রাচ্যে হামলা ও গাজায় গণহত্যা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে তারেক রহমান

ছবি : সংগৃহীত

গাজায় চলমান সহিংসতা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ জানান।

তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সব সময় ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করে এসেছে এবং গর্বের সঙ্গে তা বজায় রেখেছে। তিনি পশ্চিম তীরে নতুন করে বসতি গড়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেন, এটি ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে প্রায় ধ্বংস করে দিচ্ছে।

তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনিদের ওপর যে দমন-পীড়ন চলছে, তা শুধুমাত্র একটি জাতিকে নিধনের অপচেষ্টা নয়, বরং এটি একটি পরিকল্পিত জাতিগত নির্মূল অভিযান। ফিলিস্তিনিদের সংস্কৃতি, ইতিহাস ও অধিকার ধ্বংসের এই চেষ্টাকে তিনি ‘ঘৃণ্য’ হিসেবে আখ্যায়িত করেন।

তারেক রহমান জানান, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করেন। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের আগ্রাসী নীতির ফলে পুরো অঞ্চল জুড়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা ওইসব প্রবাসী ও তাদের পরিবারের জন্য বড় ধরনের নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি করছে।

তিনি গাজায় ইসরায়েলের গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েলের নতুন বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দৃঢ়ভাবে নিন্দা জানানো ও চাপ প্রয়োগের আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

Exit mobile version