বাংলাদেশি ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়ার ধরন ও বিপিএল নিয়ে সোজাসাপ্টা কথা বললেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। চলমান বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা এই তারকা ক্রিকেটার মনে করেন, বাংলাদেশের অধিনায়করা সাধারণত অনেক বেশি আবেগপ্রবণ এবং তারা খেলার সাথে নিজেদের ব্যক্তিগতভাবে জড়িয়ে ফেলেন।
শনিবার (১০ জানুয়ারি) দলের বিশ্রামের দিনে সংবাদমাধ্যমে মিরাজের অধিনায়কত্ব ও দেশের ক্রিকেট সংস্কৃতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন মঈন। তিনি বলেন, “মিরাজ এখনো তরুণ এবং অধিনায়ক হিসেবে কিছুটা অনভিজ্ঞ। তবে একজন অলরাউন্ডার হিসেবে তার খুব ভালো নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত যারা ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই দক্ষ, তারা ভালো অধিনায়ক হতে পারেন।”
বাংলাদেশি অধিনায়কদের আচরণ নিয়ে মন্তব্য করতে গিয়ে মঈন আলী আরও বলেন, “এখানকার সব অধিনায়কই বেশ আবেগপ্রবণ। টিভিতে খেলা দেখলেই বোঝা যায়, প্রায় সব অধিনায়কই কোনো না কোনো সময় নিজের খেলোয়াড়দের ওপর চিৎকার করেন। এটি সম্ভবত এখানকার ক্রিকেট সংস্কৃতিরই অংশ।”
উল্লেখ্য, এবারের বিপিএলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স। এর মধ্যে ৪টি জয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। মঈন আলী এবারই প্রথম তার শ্বশুরবাড়ির অঞ্চল সিলেটের হয়ে বিপিএল মাতাচ্ছেন।