Site icon দৈনিক বঙ্গচিত্র

মুলতান সুলতানস এখন পিসিবির অধীনে, নতুন দুই দলের নিলাম ৮ জানুয়ারি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর শুরুর আগে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন মৌসুমে মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি পিসিবির অধীনে পরিচালিত হবে। রোববার (২৮ ডিসেম্বর) পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে মহসিন নাকভি জানান, পিএসএল-১১ শেষ হওয়ার পর মুলতান সুলতানস বিক্রির জন্য নিলামে তোলা হবে। তবে বর্তমান মৌসুমের জন্য বোর্ড একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কাঠামো তৈরি করবে এবং এর তদারকির জন্য একজন পেশাদার ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হবে।

গত ২৫ নভেম্বর মুলতান সুলতানসের মালিক আলি তারিন ক্রমাগত আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে দল পরিচালনায় অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা চুক্তি আর নবায়ন করবেন না। এর ফলে পিসিবিকে এই সিদ্ধান্ত নিতে হলো।

এদিকে পিসিবি লিগ সম্প্রসারণের কাজও এগিয়ে নিচ্ছে। আগামী মৌসুমে পিএসএলে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হতে যাচ্ছে। বোর্ড জানিয়েছে, নতুন দল দুটির মালিকানা পেতে পাঁচটি মহাদেশ থেকে মোট ১২টি দরপত্র জমা পড়েছিল, যার মধ্যে ১০টি প্রাথমিক শর্ত পূরণ করেছে।

আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে এই নতুন দুই ফ্র্যাঞ্চাইজির নিলাম অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত তালিকায় থাকা শহরগুলো হলো— হায়দরাবাদ, মুজাফফরাবাদ, শিয়ালকোট, ফয়সালাবাদ, গিলগিট ও রাওয়ালপিন্ডি। ২০১৬ সালে পাঁচটি দল নিয়ে শুরু হওয়া পিএসএল ১১তম আসর থেকে ৮ দলের টুর্নামেন্টে পরিণত হতে যাচ্ছে। আগামী মার্চের শেষ দিকে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে।

Exit mobile version