মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্ব মহাসড়কে ভয়াবহ গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরও প্রায় ৭০ জন দগ্ধ ও আহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঘটে এই দুর্ঘটনা, যখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সেখান থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত ৩০টি যানবাহন পুড়ে যায়।
ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস ছিল। দীর্ঘ সময়ের চেষ্টায় শেষমেষ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দুর্ঘটনার শিকার ট্রাক ও ক্ষতিগ্রস্ত গাড়িগুলো ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন অনেক দগ্ধের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।