Site icon দৈনিক বঙ্গচিত্র

মেসির সঙ্গে ছবি পোস্ট করায় ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ১৩ ডিসেম্বর কলকাতায় আসেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। সেখানে তিনি এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের পর অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মেসির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে শুরু হয় কঠোর ট্রলিং।

শুভশ্রীর ছবি পোস্ট করার পর নেটিজেনরা একের পর এক কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমনকি তাঁর শারীরিক গঠন ও সন্তানের বিষয়ে আপত্তিকর মন্তব্যও করা হয়েছে।

অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী এই পরিস্থিতিতে স্ত্রীকে সমর্থন জানিয়ে রোববার সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন। পরে রাতে তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন।

রাজ চক্রবর্তীর অভিযোগ, একজন নারীর প্রতি ব্যক্তিগত আক্রমণ, কুৎসা ও নোংরা মন্তব্য সহ্য করা যায় না। তিনি বলেন, ‘শুভশ্রীর শারীরিক গঠন ও সন্তানের বিষয়ে কটাক্ষ করা হয়েছে। যারা এই ধরনের ভাষা ব্যবহার করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।’

এ বিষয়ে এখনও পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Exit mobile version