Site icon দৈনিক বঙ্গচিত্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টার সঙ্গে সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডন লিঞ্চের বৈঠক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী—এমন অভিমত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে ড. ইউনূস দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন,

“যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এ বিষয়ে আশাবাদী।”

আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ কৌশল গ্রহণ, তুলা ও সয়াবিনসহ কৃষিপণ্যের আমদানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি, এলপিজি আমদানি, বেসামরিক বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণ, এবং রোহিঙ্গা সংকট ইস্যুতে জ্বালানি ও মানবিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

ড. ইউনূস জানান, বাংলাদেশ মার্কিন পণ্যের আমদানি বাড়াতে প্রস্তুত এবং তিনি আশাবাদ প্রকাশ করেন যে, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে শুল্ক হ্রাস ও আরও ভারসাম্যপূর্ণ ও টেকসই বাণিজ্যিক সম্পর্ক গঠনে সহায়ক হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআরের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

Exit mobile version