Site icon দৈনিক বঙ্গচিত্র

শিক্ষার্থীদের আন্দোলনের পর টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলন, শিক্ষক-শিক্ষার্থীর সংঘর্ষ এবং তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পর তাদের বহিষ্কার—এসব ঘটনার পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বুধবার (১৯ নভেম্বর) মাদ্রাসার অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিশু বিভাগ থেকে কামিল পর্যন্ত সব ক্লাস এবং আলিম দ্বিতীয় বর্ষের পরীক্ষা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে। তবে অভ্যন্তরীণ নির্ধারিত দায়িত্বে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে চার দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলার সময় শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে তর্ক-বিতর্কের ফলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। পরে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকদের অপসারণের দাবি জানান।

পরিস্থিতি সামলাতে অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষক—আতিকুর রহমান, সিবগাতুল্লাহ এবং কামরুল ইসলাম—কে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। তবুও উত্তেজনা পুরোপুরি না কমায় পরদিনই মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

Exit mobile version