ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকায় সবার কাছে দোয়া কামনা করেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুরের কলতা বাজারের রোকনপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক জানান, খালেদা জিয়া এখনও স্থিতিশীল থাকলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। চিকিৎসকদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিদেশে নেওয়ার প্রক্রিয়াও চলছে। তিনি বলেন, “আজ তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এসেছেন। সম্ভবত উনি নেত্রীকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবেন।”
বেগম জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে ইশরাক বলেন, “গণতান্ত্রিক আন্দোলন ধরে রাখতে তিনি কারাবরণ করেছেন, এমনকি নিজের বাসা থেকেও উৎখাত হয়েছেন। জাতীয় স্বার্থের বিষয়ে তিনি কখনও আপস করেননি। তার বক্তব্যগুলো আজও ইউটিউবে ঘুরে ফিরে দেখা যায়।”
তিনি আরও বলেন, ঐ আন্দোলনই পরবর্তীতে ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়, যার মাধ্যমে দেশ আবার স্বাভাবিক ধারায় ফিরতে পারে।
দেশে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন উল্লেখ করে ইশরাক বলেন, সামনে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। “ক্ষমতার লড়াইয়ের কারণে দেশ পিছিয়ে যাক—এটা নতুন প্রজন্মসহ কেউই দেখতে চায় না,” বলেন তিনি।
নিজের নির্বাচনী আসন ও এলাকার প্রতি আবেগের কথা উল্লেখ করে ইশরাক বলেন, “আমার বাবা সাদেক হোসেন খোকা এই এলাকায় জন্মেছেন। তাই আপনাদের সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের। আগামী দিনের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা চাই।”

