Site icon দৈনিক বঙ্গচিত্র

সিইসির বক্তব্যে ক্ষোভ জামায়াতের, অবস্থান পরিষ্কার করার দাবি আমিরের

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারা দেশের মানুষ যখন এ ঘটনায় সহমর্মিতা জানাচ্ছে, তখন সিইসির বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি সিইসিকে তার অবস্থান ও মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, একজন বিপ্লবী আহত হওয়ার পর সরকারের তৎপর হওয়া—এমন ব্যবস্থায় তারা বিশ্বাস করেন না। তার মতে, গত ৫৪ বছর ধরে দেশের সম্ভাবনা নষ্ট হয়েছে। তবে সাম্প্রতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে, সেটি ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে।

জামায়াত আমির বলেন, অনেকেই ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করলেও জামায়াত কখনো তা করেনি। ভবিষ্যতেও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না বলে তিনি স্পষ্ট করেন। ক্ষমতায় এলে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠনের কথাও বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ন্যায্য ও সত্যভিত্তিক সমালোচনা তারা মেনে নেবেন। তবে বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরে যেন অপপ্রচার চালানো না হয়—এমন অনুরোধ জানান তিনি। তার ভাষায়, সমালোচনা হোক ন্যায়সঙ্গত, যাতে জাতির ক্ষতি না হয়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্য ও আদর্শ নিয়ে মানুষ জীবন দিয়েছিল, তা এখনো পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা দলগুলো নিজেদের ভাগ্য বদলালেও সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন হয়নি।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার না হওয়াকে সরকারের ব্যর্থতা উল্লেখ করে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, গত পাঁচ দশকেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। শাসকদের কারণে জাতি বারবার বিভক্ত হয়েছে। অভ্যুত্থানের পর গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে ব্যর্থ হওয়ার ফলেই হাদির ওপর হামলার মতো ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version