
প্রতিবেদনে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে দেশজুড়ে ভারি বৃষ্টিপাত, বজ্রঝড় ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
পূর্বাভাস অনুযায়ী, মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ, তাবুক, আল জউফ, হাইল, আল কাসিম, পূর্ব প্রদেশ, আসির, আল বাহা ও জাজানসহ বিস্তৃত অঞ্চলে বৃষ্টির প্রভাব পড়বে।
আবহাওয়া বিভাগ সবাইকে সরকারি সূত্র থেকে নিয়মিত আপডেট নিতে, বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে এবং কম দৃশ্যমানতার সময় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি উপকূলীয় ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সিভিল ডিফেন্সের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আবহাওয়া অফিস জানিয়েছে, টানা বৃষ্টির তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। কিছু এলাকায় জলাবদ্ধতা ও পানির স্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।