হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলায় একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৪-তে দাঁড়িয়েছে। দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। অনেকেই এখনো ভবনগুলোর ভিতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
চায়না ডেইলির তথ্য অনুযায়ী, বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামে বড় আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। একই সময়ে টানা সাতটি উঁচু ভবনে আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারদল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, ঠিক কতজন ভেতরে আটকা পড়েছেন তা জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীদের কয়েকজনও আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস এক বিবৃতিতে আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার, দরজা–জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছে। আগুনের এলাকায় কাউকে না যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
ওয়াং ফুক কোর্টে প্রায় দুই হাজার আবাসিক ইউনিট রয়েছে। ভবনগুলোর বাইরে থাকা বাঁশের ভারা আগুনকে দ্রুত উপরের দিকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, প্রথম আগুন লাগে ওয়াং চিওং হাউস নামের একটি ভবনে। মিনিটের মধ্যেই আগুন পাশের ওয়াং তাই হাউস ও ওয়াং শিং হাউসে ছড়িয়ে পড়ে।