Site icon দৈনিক বঙ্গচিত্র

‘হ্যাঁ’ সমর্থনে মাসব্যাপী প্রচার চালাবে জামায়াতসহ আট দল

জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং পাঁচ দফা দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছে ইসলামী আট দল। তবে গণভোটকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাসব্যাপী প্রচারণা শুরু করবে তারা।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে পুরানা পল্টনে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

আজাদ বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটকে ঘিরে আট দলের আন্দোলন চলমান থাকবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর নতুন কর্মসূচি জানানো হবে। আসন সমঝোতার ভিত্তিতে এক আসনে আট দলের একজন প্রার্থী মনোনীত করা হবে। মঙ্গলবার থেকেই প্রার্থী বাছাই শুরু হবে।

বৈঠকে উপস্থিত খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ায় বৃহত্তর স্বার্থে ‘হ্যাঁ’ পক্ষকে বিজয়ী করতে তারা লিফলেট বিতরণ, মাঠ প্রচারণা ও ক্যাম্পেইন চালাবে। তবে বিজয় দিবসের অনুষ্ঠান তারা আলাদাভাবে পালন করবে।

পুরানা পল্টনের খেলাফত মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা।

ইতোমধ্যে আট দল জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আট বিভাগে সমাবেশ কর্মসূচি সম্পন্ন করেছে।

Exit mobile version