Site icon দৈনিক বঙ্গচিত্র

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে তার সরকারি বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের আগে ও পরে ৭২ ঘণ্টার পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া ডাক ভোটের জন্য একটি অ্যাপ চালু করবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি সামাল দিতে সব সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। গুজব ও বিভ্রান্তি রোধে দুটি কমিটি কাজ করবে এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে সমন্বয় করা হবে।

প্রেস সচিব জানান, সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রায় ৯২ হাজার সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৯০ হাজার সেনা এবং বাকিরা নৌবাহিনীর সদস্য। সবচেয়ে বেশি দায়িত্বে থাকবে আনসার বাহিনী। পুলিশের সদস্যদের জন্য বডি ক্যামেরার ব্যবস্থাও থাকবে।

তিনি আরও জানান, নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। আগের তিন নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের এবার নিয়োগ দেওয়া হবে না।

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Exit mobile version