২০২৫ সালে ১৮ হাজার বাংলাদেশি অবৈধ পথে ইতালি প্রবেশ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।
রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘সম্পর্ক জোরদার: বাংলাদেশ-ইতালির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি’ শীর্ষক কান্ট্রি লেকচার সিরিজে।
রাষ্ট্রদূত জানান, এ বছর ১৭ হাজার বাংলাদেশি লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি প্রবেশ করেছে। এখন পর্যন্ত হিসাব করলে চলতি বছর ইতালি পৌঁছেছে ১৮ হাজার বাংলাদেশি। তিনি বলেন, অনেক বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন, কিন্তু তাদের অধিকাংশের কাছে প্রয়োজনীয় কাগজপত্র বা যথাযথ কারণ থাকে না।
রাষ্ট্রদূত আরো বলেন, ইতালি এবং বাংলাদেশ অভিবাসন ইস্যুতে গুরুত্বপূর্ণ সহযোগী। তবে অভিবাসন অবশ্যই বৈধ পথে হতে হবে। ইতালি স্বল্পসংখ্যক অবৈধ অভিবাসীকে প্রত্যাবাসন করছে এবং এই সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে।
চলতি বছর ইতালি ৯ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য ৫৩০ ভিসা দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় অনেক বেশি।
রাষ্ট্রদূত আলেসান্দ্রো বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে ইতালি সমর্থন করবে এবং দেশের স্থিতিশীলতার জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে।
ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়েও তিনি বলেন, আগস্টে ঢাকা সফর করা ছিল পরিকল্পনা অনুযায়ী, কিন্তু পরে স্থগিত হয়েছে। যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রীর সফর হবে, তবে সম্ভবত এ বছর তা হবে না।