জাতীয় ক্রিকেট লিগের সিলেট বিভাগের বিপক্ষে ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটকে চিরবিদায় জানিয়েছেন বরিশালের ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। সোমবার (৮ ডিসেম্বর) মাঠ ছাড়েন কান্না ভেজা চোখে, শেষ ইনিংস খেলেই।
২০০৫ সালে তার প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু হয়। ১৬০টি ম্যাচে শামসুর ২০ বছরের দীর্ঘ পথচলা শেষ করলেন। জীবনের শেষ ম্যাচে বরিশালের পক্ষে দুটি ইনিংসে যথাক্রমে ১১ ও ১৭ রান করেন তিনি। তোফায়েল আহমেদের বলে মুবিন আহমেদ দিশানের হাতে আউট হয়ে শেষ হয় তার লাল বলের যাত্রা।
বিদায়ের সময় দুই দলের ক্রিকেটার ও স্টাফরা শামসুরকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। খেলা শেষে ফেসবুকে তিনি লিখেছেন, “আজ আমি প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ইনিংস খেললাম। নিজেকে সবসময় সৎ রাখার চেষ্টা করেছি। আর কোনো দিন সাদা পোশাক পরে মাঠে নামা হবে না—এটা একজন খেলোয়াড়ের জন্য ভীষণ কষ্টের মুহূর্ত। সবাই আমার জন্য দোয়া করবেন।”
শামসুরের এই বিদায় ক্রিকেটপ্রেমীদের মনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।