জামায়াতসহ ইসলামি আট দল নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তারা জানায়, ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ছাড়া দেশের সাতটি বিভাগে সমাবেশ করবে।
বুধবার সন্ধ্যায় পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলটির নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।
তিনি আরও জানান, গণভোটে “হ্যাঁ” ভোট নিশ্চিত করতে আট দল দেশব্যাপী প্রচারণা চালাবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, অতীতের অপরাধের তুলনায় কয়েকজনের ফাঁসি খুবই কম বিচার। তিনি ইঙ্গিত দেন যে আট দল আরও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জোট সম্প্রসারণ করতে পারে। তাদের লক্ষ্য, সমঝোতার ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া। তিনি আরও সন্দেহ প্রকাশ করেন—সরকার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে কিনা।

