
গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে এই আদেশ দেন। গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা এই আদেশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানান। অন্যথায় সারা দেশে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
রিমান্ডের আদেশে ক্ষোভ প্রকাশ করে সুরভী অভিযোগ করেন যে, কোনো সঠিক তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জেলা দায়রা জজ আদালতে রিভিশন আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর কালিয়াকৈর থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় ২৫ ডিসেম্বর রাতে টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। সুরভী জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনের জন্য বিশেষভাবে পরিচিত।
Reporter Name 











