
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে রাজধানী ঢাকায় বজ্রসহ হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
বৃহস্পতিবার রাত ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গচিত্র ডেস্ক 











