
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত পার করে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—সিভিয়ন ডিউ (৩২) ও সঞ্জয় চিসিম (২২)। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানালে বিচারক রিপন হোসেন তা মঞ্জুর করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর পল্টনে হাদিকে গুলি করার পর থেকেই প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান। গ্রেফতার দুই আসামি ফয়সাল ও তার সহযোগীদের অবৈধভাবে সীমান্ত পার করে দেশের বাইরে পালিয়ে যেতে সরাসরি মাঠপর্যায়ে সহায়তা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা রিকশাযাত্রী ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিঙ্গাপুর নেওয়া হলে গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
Reporter Name 











