
ভেনেজুয়েলা অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র সামরিক চাপ সৃষ্টি করে দেশটির বিশাল তেলভাণ্ডার দখল করার চেষ্টা করছে। ওপেকের ভার্চুয়াল মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই অভিযোগ তুলেছেন দেশটির অর্থনৈতিক ও জ্বালানিবিষয়ক মন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি সেখানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাঠানো একটি চিঠি পড়ে শোনান।
চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র “মারণক্ষম সামরিক শক্তি” ব্যবহার করে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ দখল করতে চাইছে। মাদুরো সতর্ক করেছেন, এমন উদ্যোগ বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা ও উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি করবে।
রদ্রিগেজ জানান, ভেনেজুয়েলা নিজের প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে আছে এবং কোনো ধরনের ভয়ভীতি দেখানো হলে তা প্রতিহত করবে।
এদিকে, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আরও বেড়েছে। ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি মাদক পাচার নিয়ন্ত্রণের কথা বলে সম্ভাব্য স্থল অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ভেনেজুয়েলা বিপজ্জনক অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। তাই প্রয়োজন হলে সব ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ খোলা থাকবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। মাদুরো আরও সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলার সমুদ্রসীমায় প্রবেশ করলে এর জবাব কঠোর হবে।
Reporter Name 













