
বাংলাদেশের মহান বিজয় দিবসকে বিকৃত করে উপস্থাপনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বিজয়কে ভারতের ‘নিজেদের বিজয়’ হিসেবে তুলে ধরে ইতিহাস বিকৃতি করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এনসিপির বিজয় র্যালি শেষে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। র্যালিটি বাংলামোটর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আখতার হোসেন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় একান্তই বাংলাদেশের জনগণের। এ বিজয়কে অন্য কোনো দেশের বিজয় হিসেবে দেখানো ইতিহাসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তিনি অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন শুধু প্রতীক বা মার্কার নির্বাচন নয়; এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ বলার নির্বাচন। সেই লক্ষ্যেই এনসিপি ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, তফসিল ঘোষণার পরদিন একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিচ্ছিন্ন নয়। “আমরা সহমর্মিতা নয়, বিচার চাই,”—বলেন তিনি।
এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশন যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তারা হত্যাকাণ্ডের মতো ঘটনাকেও বিচ্ছিন্ন বলে আখ্যা দেয়। তার মতে, বর্তমান কমিশনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই। তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
Reporter Name 











