
খাগড়াছড়িতে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার কাছে ফুলের তোড়া তুলে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে প্রবেশ করেন। জেলা ছাত্রদলের নেতারা নবাগতদের স্বাগত জানান।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, “এরা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় এসেছেন। নবাগতরা বিএনপির নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
রুবেল জানান, ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামের কিছু বিষয়ে প্রশ্নবিদ্ধ হওয়ায় তিনি সংগঠন থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি আরও বলেন, পূর্বে শিবিরে দায়িত্ব পালনকালে বহু সময় ও চেষ্টা উৎসর্গ করেছেন।
রুবেল ২০১২ সালে ইসলামী ছাত্র শিবিরে যোগ দিয়ে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে সভাপতির দায়িত্বে ছিলেন এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএন আহাম্মেদ 











