
মার্কিন-সমর্থিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়টি শান্তি আলোচনার সবচেয়ে বড় সমস্যা।
রোববার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করেন। এই বৈঠককে সবাই “ফলপ্রসূ” বলে উল্লেখ করলেও, পরদিন সুইডেনের এক সম্মেলনে দেওয়া ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন—রাশিয়ার চুরি করা ভূখণ্ডের আইনি স্বীকৃতি চাওয়া হচ্ছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, এ ধরনের দাবি ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন। জোর করে সীমান্ত পরিবর্তন করা যাবে না বলেও তিনি স্পষ্ট করেন।
গত সপ্তাহে পরিকল্পনাটি প্রকাশ হওয়ার পর ইউরোপীয় নেতারাও এর সমালোচনা করে বলেন, শর্তগুলো রাশিয়ার পক্ষে চলে গেছে।
এদিকে রোববার রুশ ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভে অন্তত চারজন নিহত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, “রাশিয়ার ওপর চাপ বাড়াতে হবে, কারণ তারা এখনো মানুষ হত্যা করছে।”
যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়ার পাশাপাশি সামরিক সীমাবদ্ধতা মানতে এবং ন্যাটোর সদস্যপদ নেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিকল্পনাটি অনুমোদনের জন্য ইউক্রেনের কাছে সীমিত সময় আছে।
জেলেনস্কির বক্তব্যের পর ইউক্রেনীয় পার্লামেন্টের স্পিকারও বলেন, ইউক্রেন কখনো রাশিয়া দখল করা এলাকার আইনি স্বীকৃতি, দেশটির সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের শর্ত বা ভবিষ্যৎ জোট বেছে নেওয়ার স্বাধীনতায় বাঁধা মানবে না।
বিএন আহাম্মেদ 












