
||বিএন আহাম্মেদ ||ইতালিতে ধর্ষণের দায়ে নয় বছরের সাজা পাওয়া ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহো এখন ব্রাজিলের এক কারাগারে দিন কাটাচ্ছেন। ৪১ বছর বয়সী এই সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি তারকা জানিয়েছেন, কারাগারে অন্য কয়েদিদের মতোই জীবনযাপন করছেন তিনি—ফুটবলার হিসেবে কোনো বিশেষ সুবিধা পান না।
২০২৪ সালের ২১ মার্চ থেকে রবিনহো সাও পাওলোর একটি জেলে আছেন। সেখান থেকেই এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমি অন্য সবার মতো একই খাবার খাই, একই সময়ে ঘুমাই ও উঠি। রবিবার আমরা ফুটবল খেলতে পারি, সেটাই একমাত্র আনন্দের সময়। আমাকে কোনো বাড়তি সুবিধা দেওয়া হয় না।”
পরিবারের কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, “শনিবার বা রবিবার দর্শনার্থীরা দেখা করতে আসে। আমার স্ত্রী কখনো একা আসে না, সন্তানদের সঙ্গে আসে। বড় ছেলেটা ফুটবল খেলে, ছোট দুজন মায়ের সঙ্গে আসে।”
নিজের আচরণ নিয়েও বলেন রবিনহো, “দেড় বছর হলো আমি জেলে আছি। কখনো কারও সঙ্গে ঝগড়া হয়নি। এমনকি ফুটবল খেললেও কোনো ঝামেলা হয় না।”
২০১৩ সালের জানুয়ারিতে এসি মিলানে খেলার সময় ইতালিতে ধর্ষণ মামলায় জড়িয়ে পড়েন রবিনহো। আদালত তাকে দোষী সাব্যস্ত করে নয় বছরের কারাদণ্ড দেন। এরপর ব্রাজিলে ফেরার পর তার আইনজীবী সাজা কার্যকরের আবেদন করলে তা মঞ্জুর হয় এবং শুরু হয় এই সাবেক তারকার বন্দিজীবন।
বিএন আহাম্মেদ 












