
||বিএন আহাম্মেদ || বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা।
শনিবার (২৫ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগের সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। জেনারেল মির্জা বলেন, দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে পাকিস্তান বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায়।
তিনি উল্লেখ করেন, করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌপথ চালু হয়েছে এবং শিগগিরই ঢাকা-করাচি আকাশপথও চালু হবে। দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার ঝুঁকি নিয়েও আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ভুয়া খবর এখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যৌথ পদক্ষেপ প্রয়োজন।
সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।
বিএন আহাম্মেদ 











