
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে এ তথ্য জানানো হয়।
ইসি সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনে মোট ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৭ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, ৭ জনের আবেদন নাকচ করা হয়েছে এবং বাকি ৬ জনের বিষয়ে সিদ্ধান্ত এখনো অপেক্ষমান (পেন্ডিং) রাখা হয়েছে। এছাড়া আগের দিন স্থগিত থাকা মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল আজ মঞ্জুর করেছে কমিশন।
গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর ক্রমিকের আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। চূড়ান্ত পর্যায়ে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Reporter Name 














