
বড় স্বপ্ন নিয়ে ভারতীয় ফুটবলে যাত্রা শুরু করলেও মাত্র পাঁচ বছরের মাথায় মুম্বাই সিটি এফসি থেকে নিজেদের সব বিনিয়োগ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ‘সিটি ফুটবল গ্রুপ’ (সিএফজি)। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির এই মালিকানাধীন প্রতিষ্ঠানটি ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছে।
২০১৯ সালের নভেম্বরে মুম্বাই সিটির ৬৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল সিএফজি। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা তাদের সব শেয়ার ক্লাবের পুরনো মালিক বলিউড অভিনেতা রণবীর কাপুর ও বিমল পারেখের কাছে হস্তান্তর করেছে। মাঠের পারফরম্যান্সে সিএফজির অধীনে মুম্বাই সিটি দুটি আইএসএল শিল্ড ও দুটি কাপ জিতলেও, লিগের প্রশাসনিক বিশৃঙ্খলা সব সাফল্যকে ম্লান করে দিয়েছে।
মূলত আইএসএলের বর্তমান অচলাবস্থা ও অস্থিতিশীল পরিবেশই বিশ্বখ্যাত এই ফুটবল গ্রুপটিকে ভারত ছাড়তে বাধ্য করেছে। সিএফজি তাদের ব্যবসায়িক পর্যালোচনায় জানিয়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আইএসএল এখন আর উপযুক্ত জায়গা নয়। ২০২৫-২৬ মৌসুম গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং বাণিজ্যিক অংশীদার এফএসডিএলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে তা ঝুলে আছে।
লিগ পরিচালনার জন্য নতুন করে টেন্ডার ডাকা হলেও কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। এমনকি ক্লাবগুলোর নিজেদের উদ্যোগে লিগ চালানোর প্রস্তাবও নাকচ করে দিয়েছে ফেডারেশন। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ এখন গভীর সংকটে। এমন পরিস্থিতিতে আইএসএলের মতো অস্পষ্ট ভবিষ্যতের লিগে আর অর্থ বিনিয়োগ করতে রাজি নয় বৈশ্বিক এই ফুটবল সংস্থাটি।
সিটি ফুটবল গ্রুপের এই বিদায়ে ভারতীয় ফুটবলের ভাবমূর্তি এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
Reporter Name 












