
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) যদি পক্ষপাতমূলক আচরণ করে, তবে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, নিজস্ব প্রতীকে ভোটের সুযোগ করে দিতে আরপিও সংশোধনীকে এনসিপি স্বাগত জানায়। তবে এই পরিবর্তন বন্ধ করতে বিভিন্ন মহল আদালতের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আইনগত লড়াই চালিয়ে যেতে ইসিকে পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, কালো টাকার প্রভাব ঠেকাতে নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের বিভিন্ন বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে, যা লেভেল প্লেয়িং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এ বিষয়েও সতর্ক করেন নাহিদ।
গণভোট নিয়ে তিনি বলেন, প্রশ্ন ও প্রক্রিয়া ঠিকমতো প্রচার না হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই শুরু থেকেই পরিষ্কারভাবে তথ্য জানানোর তাগিদ দেন তিনি।
সবশেষে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে, সব দলের প্রস্তুতির সুযোগ রেখে তফসিল ঘোষণা করা উচিত।
বৈঠকের পর এনসিপি ‘শাপলা কলি’ প্রতীকের নিবন্ধন সনদও গ্রহণ করে।
Reporter Name 











