
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।
বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, কমনওয়েলথ দলটি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে কাজ করবে। তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা গেলে একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।
নাহিদ আরও বলেন, নির্বাচনের আগে পুলিশ বিভাগে প্রয়োজনীয় সংস্কার এখনো হয়নি। তার মতে, এই পরিবর্তন জরুরি। একই সঙ্গে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক ও আস্থা আরও বাড়াতে হবে।
নির্বাচনি জোট প্রসঙ্গে তিনি বলেন, আদর্শের মিল থাকলে জোট করার সুযোগ রয়েছে। তবে আপাতত এনসিপি নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এককভাবে এগোবে। অন্য দল চাইলে তারা যুক্ত হতে পারে—এটা তাদের সিদ্ধান্ত।
বিএন আহাম্মেদ 











