
মালাক্কা প্রণালীর কাছে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ রূপ নিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার (২৬ নভেম্বর) ভোরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং সন্ধ্যার আগেই ইন্দোনেশিয়ার উপকূলে আঘাত হানতে পারে।
‘শেন-ইয়ার’ শব্দের অর্থ ‘সিংহ’ এবং এই নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলোতে কয়েকদিন ভারি বৃষ্টি হতে পারে। কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং আন্দামান-নিকোবরেও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঝোড়ো হাওয়া বইবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে সতর্ক করা হয়েছে।
এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূলে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় আরও ঘনীভূত হতে পারে।
বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা শীত অনুভূত হয়েছে এবং ভোরে কুয়াশা দেখা গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। তবে দুই দিনের মধ্যে তাপমাত্রা আবার বাড়তে পারে।
সূত্র: আনন্দবাজার
বিএন আহাম্মেদ 












