
জাপানের আওমোরি প্রিফেকচারের উপকূলে সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইদোর উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, রাত ১১টা ৪৩ মিনিটে আওমোরি প্রিফেকচারের মুৎসু ওগাওয়ারা বন্দরে প্রায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ দেখা গেছে। স্থানীয়দের অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, ইওয়াতে প্রিফেকচার উপকূল, হোক্কাইদোর মধ্য প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং আওমোরি প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আসতে পারে। এছাড়া মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারের উপকূল, আওমোরির জাপান সাগর উপকূল এবং হোক্কাইদোর প্রশান্ত মহাসাগরীয় পশ্চিম ও পূর্ব উপকূলে এক মিটার উচ্চতার ঢেউ পড়ার সম্ভাবনা রয়েছে।
প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে জাপান ও রাশিয়ার উপকূল বরাবর ১,০০০ কিলোমিটার এলাকায় বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত করতে পারে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ৫০ কিলোমিটার। প্রাথমিকভাবে এটি ৭.২ মাত্রার হিসেবে ধরা হয়েছিল।
প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যেখানে প্রায় প্রতি পাঁচ মিনিটে একটি কম্পন অনুভূত হয়।
এদিকে, পূর্ব জাপান রেলওয়ে ওই অঞ্চলে কিছু ট্রেন পরিষেবা স্থগিত করেছে।
Reporter Name 












