
জাপানের উত্তর-পূর্ব উপকূলে সোমবার (৮ ডিসেম্বর) রাতে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সমুদ্র উপকূলে এই ভূমিকম্পের পর তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর হোক্কাইদো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) সতর্ক করেছে, কেন্দ্রস্থলের ১,০০০ কিলোমিটার পর্যন্ত জাপান ও রাশিয়ার উপকূল বরাবর বিপজ্জনক সুনামি ঢেউ আসতে পারে।
জেএমএ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ৫০ কিলোমিটার। প্রাথমিকভাবে এটি ৭.২ মাত্রার হিসেবে ধরা হয়েছিল।
প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় বহু মানুষ ঘর থেকে বের হয়ে আসে, আর কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় কেঁপে ওঠা আসবাবপত্রের ভিডিও প্রকাশ করেছেন।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে প্রায়ই কম্পন অনুভূত হয়। এদিকে, পূর্ব জাপান রেলওয়ে ওই অঞ্চলে কিছু ট্রেন পরিষেবা স্থগিত করেছে।
Reporter Name 









