
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর আগেই সকল ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম। দায়িত্ব বুঝে নেন প্রার্থীদের পোলিং এজেন্টরাও। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
চলতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে অংশ নিয়েছে বামধারার সংগঠন, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল।
ভিপি (সভাপতি) পদে লড়ছেন ১০ জন প্রার্থী, তবে প্রার্থিতা জটিলতায় রয়েছেন অমর্ত্য রায়। জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন মনোনয়ন জমা দিলেও শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন সৈয়দা অনন্যা ফারিয়া।
এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পুরুষ কোটায় প্রার্থী ১০ জন এবং নারী কোটায় প্রার্থী রয়েছেন ৬ জন। এছাড়াও বাকি ২১টি পদের প্রতিটিতে রয়েছে একাধিক প্রার্থী।
ভোটগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে স্থাপন করা হয়েছে ভোট কেন্দ্র। এর মধ্যে ছাত্রদের জন্য ১১টি এবং ছাত্রীদের জন্য ১০টি কেন্দ্র রয়েছে।
হলভিত্তিক ভোটার সংখ্যা অনুযায়ী, ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে (৯৯২ জন) এবং ছাত্রীদের মধ্যে তারামন বিবি হলে (৯৮৩ জন)।
পুরো বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে ২২৪টি ভোট বুথ। দায়িত্ব পালন করছেন ১৩৪ জন পোলিং কর্মকর্তা ও সহকারী।
ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা থেকে পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে শুরু হবে গণনা কার্যক্রম। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বঙ্গচিত্র ডেস্ক 











