
||বিএন আহাম্মেদ ||সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও আহত হওয়ার ঘটনা ঘটে।
রবিবার (২৬ অক্টোবর) রাতে সংঘর্ষ শুরু হয় এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্যাফোডিলের এক শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়। পরে ব্যাচেলর প্যারাডাইস নামের একটি ভবনের সামনে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন।
সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভাঙচুর ও অগ্নিসংযোগে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তিনটি বাস ও একটি প্রাইভেটকার পুড়িয়ে ফেলা হয়, আরও কয়েকটি যানবাহন ভাঙচুর হয়।
এ ঘটনায় উভয় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালীন চার ঘণ্টা ধরে পুলিশি সহায়তা পাওয়া যায়নি। তবে সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিএন আহাম্মেদ 











