
||বিএন আহাম্মেদ || রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
ডিবি জানায়, মিরপুর, রমনা, মতিঝিল, ওয়ারী, উত্তরা, তেজগাঁও, লালবাগ, গুলশানসহ বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে এসব গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিলেন। এছাড়া ১০–১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও শহরের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান লেখা এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনাও তাদের ছিল।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতা-কর্মী। ডিবির বিভিন্ন বিভাগের পৃথক পৃথক দল রাজধানীর নানা এলাকা থেকে তাদের আটক করে।
ডিবি জানিয়েছে, নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলবে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
বিএন আহাম্মেদ 









