
তিন বছর সাত মাস পর কাইটাইল ইউপি চেয়ারম্যানের দায়িত্বে বিএনপি নেতা আবু তাহের আজাদ
মোঃ রাসেল আহম
নেত্রকোনা প্রতিনিধি
দীর্ঘ সাড়ে তিন বছর ধরে আইনি লড়াইয়ের পর অবশেষে কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মদন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ।
২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে জয়ী হলেও প্রশাসনিক জটিলতা ও ফলাফল বিভ্রাটের কারণে তিনি দায়িত্ব পাননি। তৎকালীন নির্বাচনে তাকে পরাজিত দেখানো হয়। বিষয়টি নিয়ে মামলা করলে দীর্ঘ তিন বছর সাত মাস পর নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে পুনর্গণনা শেষে বিজয়ী ঘোষিত হন আবু তাহের।
গত ৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট গণনা করেন। পুনর্গণনায় আবু তাহের ৮৩৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা হন। পরবর্তীতে বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জেলা প্রশাসক কার্যালয়ে তাকে চেয়ারম্যান পদে শপথ বাক্য পাঠ করান।
এরপর বৃহস্পতিবার কাইটাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদ্য বিদায়ী প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিল্কী, ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, ইউপি সদস্য সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানকে ঘিরে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়, যা উপস্থিত জনতার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কাইটাইল ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাফায়াত উল্লাহ রয়েল (নৌকা প্রতীক) ৩৫ ভোটে এগিয়ে আছেন বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন। কমিশনের তথ্যানুযায়ী রয়েল পান ৫ হাজার ২২৬ ভোট এবং আবু তাহের পান ৫ হাজার ১৯১ ভোট। তবে এ ফলাফলের বিরুদ্ধে আদালতে মামলা করেন আবু তাহের। মামলা খারিজ হলে তিনি আপিল করেন এবং শেষ পর্যন্ত পুনর্গণনায় বিজয়ী হন।
আইনি লড়াইয়ের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চেয়ারম্যানের পদ ফিরে পেয়ে দায়িত্ব গ্রহণ করেন বিএনপি নেতা আবু তাহের আজাদ।
Reporter Name 











