
রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল থেকে আটক হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আইনের সংস্পর্শে আসা এক কিশোরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আটজন হলেন—কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান (২০), হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭), আবদুর রহমান (৪০), মো. ফায়িম তালুকদার (২০), মো. ফিরোজ আহমেদ (২৩), মো. মেহেদী হাসান হৃদয় (২২), এ টি এম ওমর ফারুক (৫৭) এবং মো. সজিব খান (৩১)।
এর আগে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের আদালতে হাজির করে পুলিশ। সাত দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, শনিবার দুপুরের দিকে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করে, বাকিরা সেখান থেকে পালিয়ে যায়।
এর আগের দিন শুক্রবার ঢাকার তেজগাঁওসহ তিনটি স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আরও আটজনকে আটক করেছিল পুলিশ।
অনলাইন ডেস্ক 











