
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জমা দেওয়া হলফনামা যাচাই-বাছাই করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীতে ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’ (র্যাক)-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীদের ঘোষিত সম্পদে কোনো ধরনের অসঙ্গতি বা তথ্যের গরমিল পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়েছে। কোনো প্রার্থীর হলফনামায় দেওয়া তথ্যে সন্দেহ দেখা দিলে ইসি যেন তাৎক্ষণিকভাবে দুদককে জানায়, সেই অনুরোধও করা হয়েছে।
দুদক আইনের সাম্প্রতিক সংশোধনী নিয়ে তিনি বলেন, নতুন গেজেটের কারণে দুর্নীতিবাজদের পার পাওয়ার কোনো সুযোগ তৈরি হলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। গত ২৩ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে।
মতবিনিময় সভায় দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুদক চেয়ারম্যান।
Reporter Name 














