
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর বরাতে জানা যায়, শনিবার খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট মাঠে এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, ঘটনাটি আইইডি (তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক ডিভাইস) ব্যবহার করে ঘটানো হয়েছে। তিনি বলেন, এটি একটি টার্গেটেড বা লক্ষ্যভিত্তিক হামলা ছিল।বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার জানিয়েছে, সীমান্তবর্তী অশান্ত অঞ্চলে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করাই চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের মূল লক্ষ্য। সম্প্রতি ওই এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) তৎপরতা বাড়তে দেখা গেছে।

খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী এ অভিযান শুরু করেছে।
গত সপ্তাহে বাজৌরের লাঘারি এলাকায় একটি থানায়ও হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন। আহতরা হলেন কনস্টেবল মোহাম্মদ হাবিব এবং স্থানীয় বাসিন্দা নাজিব খান, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণে থানার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
অনলাইন ডেস্ক 









