
||বিএন আহাম্মেদ ||শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকসহ কয়েকজনকে প্রধান আসামি করে করা প্লট জালিয়াতির তিন মামলার সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এদিন রাজউকের সাবেক সদস্য খুরশিদ আলমকে গ্রেফতার দেখিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার (২ নভেম্বর) সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালতে হাজির করা হলে খুরশিদ আলমকে গ্রেফতার দেখানো হয়। পরে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের জেরা শেষ করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। মামলার নথিতে উল্লেখ আছে, খুরশিদ আলম তিনটি মামলাতেই আসামি। গত বুধবার তিনি বিশেষ জজ আদালত-৫ এ আত্মসমর্পণ করেছিলেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, রাজউকের কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়েমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক পূর্বাচলের কূটনৈতিক অঞ্চলে ছয়টি ১০ কাঠার প্লট অবৈধভাবে বরাদ্দ নেন। নিয়ম অনুযায়ী তারা এসব প্লট পাওয়ার যোগ্য ছিলেন না।
বিএন আহাম্মেদ 















