
রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলা চালিয়ে কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনাকে ‘অজ্ঞতাজনিত বর্বরতা’ হিসেবে আখ্যায়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এ ধরনের নৃশংসতার সঙ্গে ইসলাম, ইসলামি রাজনীতি কিংবা ইসলামি চিন্তার কোনো সম্পর্ক নেই। দলটি এই ঘটনায় জড়িত পরিকল্পনাকারী ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানায়।
তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় প্রশাসনের ভূমিকা এ ঘটনায় রহস্যজনক। জনমনে অস্থিরতা থাকা সত্ত্বেও তারা কার্যকর ব্যবস্থা নেয়নি। প্রশাসনের এই অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। তাই তাদের ভূমিকাও তদন্ত করতে হবে।
গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলাম দাওয়াহনির্ভর ধর্ম, যা ভিন্নমতের সঙ্গে সহাবস্থান ও যুক্তিতর্কের মধ্য দিয়ে এ অঞ্চলে বিস্তার লাভ করেছে। তাই এ ধরনের সহিংসতা কখনোই ইসলাম সমর্থন করে না।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এমনকি অমুসলিমের মরদেহের প্রতিও সম্মান প্রদর্শন করেছেন। সেখানে মুসলমান পরিচয়দানকারীর মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার মতো কাজ ইসলামের নীতির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জড়িত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় ইস্যুতে সংঘাত এড়াতে গ্রহণযোগ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
অনলাইন ডেস্ক 











