
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তদন্তে নতুন ও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এ ঘটনায় হাদির পরিবারের সম্মতিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের রোববার রাতে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত বর্তমানে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই মামলায় ফয়সালের মা-বাবা, স্ত্রী, শ্যালকসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সময়ে আদালতের মাধ্যমে কয়েকজন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে ফয়সালের সহযোগী কবিরের সাত দিনের রিমান্ড, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তদন্তের শুরুতে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে মো. আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। তবে তিনি আদালতে জানান, ঘটনার অনেক আগেই মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন। এরপরও তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
এরই মধ্যে তদন্তে নতুন মোড় আসে সিটিটিসির অভিযানে। বুধবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার পার্কিং থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। পরে ভুয়া নম্বর প্লেটটি একটি ম্যানহোল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নম্বর প্লেট দুটি মোটরসাইকেলের আসল নম্বরের সঙ্গে মিলেনি।
সিটিটিসি জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তদন্তে দেখা গেছে, মোটরসাইকেলটি একাধিকবার হাতবদল হয়েছে। সর্বশেষ এটি প্রধান সন্দেহভাজন ফয়সলের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে কেনা হয়।
উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।
Reporter Name 











