
ইনকিলাব মঞ্চের সদস্য শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতভর শাহবাগে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
এদিন দুপুরে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছালে সেখানে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা। এর ফলে শাহবাগ এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাতে সংগঠনের ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেন।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, যদি দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হয়, তবে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করতে বাধ্য হবেন। অবরোধ চলাকালে শাহবাগ এলাকায় ‘বিচার চাই বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রিকশায় চড়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Reporter Name 











