
||বিএন আহাম্মেদ || ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ব্যানারে আলাদা দুটি ঝটিকা মিছিল হয়েছে। প্রতিটি মিছিলে ১৫–২০ জন অংশ নেন, যাদের বেশিরভাগই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ছিলেন।
সোমবার (১০ নভেম্বর) সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলটি হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদিত্য আহমেদ পলাশ, যিনি সাবেক সিটি মেয়র ইকরামুল হক টিটুর অনুসারী।
দুপুর ২টার দিকে আওয়ামী লীগের নামে আরেকটি ঝটিকা মিছিল হয়। সেখানে দেখা গেছে ছাত্রলীগের আরেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ার অনন্তকে, তিনি সাবেক এমপি মোহিত উর রহমান শান্তর অনুসারী। যদিও আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করা হয়, অংশ নেন মূলত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, তারা মিছিলের খবর পেয়েছেন, তবে কখন মিছিল হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাউকেই আটক করা সম্ভব হয়নি, তবে অভিযান চলছে।
বিএন আহাম্মেদ 











