
কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে আবারও বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ থেকে আগামী জানুয়ারিতে ৫ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করার হুমকি দেন তিনি।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে এদিন বিজেপি ও সাধু-সন্ন্যাসীদের একটি প্রতিনিধি দল উপ-দূতাবাসে স্মারকলিপি জমা দেয়। এর আগে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে কয়েক হাজার গেরুয়াধারী সাধু-সন্ত নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মিশনের কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে।
বিক্ষোভ চলাকালীন শুভেন্দু অধিকারী বলেন, “গঙ্গাসাগর মেলায় ৫ লাখ সাধু আসবেন। পুণ্যস্নান শেষে আমি তাদের সবাইকে নিয়ে বাংলাদেশ মিশনের সামনে আসব। পুলিশ কত পাহারা দিতে পারে সেদিন দেখা যাবে।” তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, সরকার ব্যবস্থা না নিলে সব বাধা ভেঙে ফেলা হবে।
মিছিলটি উপ-দূতাবাস থেকে প্রায় ২০০ মিটার দূরে পুলিশ আটকে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল উপ-হাইকমিশনারের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে শুভেন্দু জানান, তারা তাদের দাবি ও প্রতিবাদ সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই হিন্দু সংগঠন ও বিজেপি নেতারা কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস লক্ষ্য করে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। নতুন বছরে বড় ধরনের কর্মসূচির এই ঘোষণায় সীমান্ত ও কূটনৈতিক এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
Reporter Name 









