
জাতীয় পার্টিকে ঘিরে রাজনৈতিক অবস্থানে বিএনপি ও জামায়াতকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এনসিপি যেভাবে জাতীয় পার্টির বিষয়ে অবস্থান নিয়েছে, অন্য দলগুলোকেও একই রকম অবস্থান নিতে হবে। ‘জাতীয় পার্টিকে নিয়ে কুসুম কুসুম প্রেম চলবে না,’ বলেও সতর্ক করেন তিনি।
সোমবার (১ ডিসেম্বর) আরব আমিরাতে কারারুদ্ধ বাংলাদেশি প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম বনাম এন্টি-ইসলাম’ ধরনের রাজনীতি চলছে। তিনি বলেন, ৯০ শতাংশ মুসলমানের এই দেশে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সুযোগ নেই। তবে এনসিপি আবার ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতিও চায় না।
দেশের রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে অনেকেই কথা বলছেন। স্বাধীন দেশে নিরাপত্তাহীনতার কারণ কী—তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য তিনি শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করেন। বিএনপির উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার পথ বেগম খালেদা জিয়া দেখিয়েছেন। তাই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধরে রাখতে হলে তাদের দেখানো পথেই চলতে হবে; ভারত, বিদেশি শক্তি কিংবা জাতীয় পার্টির নির্দেশনায় নয়।
এনসিপির সাংগঠনিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক দল হলেও এখনো প্রয়োজনীয় সংস্কারে এগোয়নি। আর জামায়াতকে তিনি ‘রেভল্যুশনারি দল’ হিসেবে উল্লেখ করলেও তাদের কিছু ইতিবাচক কাজের কথা স্বীকার করেন।
তিনি আরও জানান, এনসিপির মনোনয়ন প্রক্রিয়া চলছে এবং দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ মনোনয়ন পাবে না।
ড. আসিফ নজরুলের প্রশংসা করে নাসীরুদ্দীন বলেন, প্রবাসীদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ায় অতীতের সব সমালোচনা তিনি তুলে নিয়েছেন। তিনি চান প্রবাসী বন্দিদের দেশে ফেরাকে জাতীয়ভাবে উদ্যাপন করা হোক এবং তাদের পরিবারের দায়িত্বও সরকার গ্রহণ করুক।
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, আমিরাত থেকে দেশে ফেরা কারাবন্দি ‘জুলাই যোদ্ধাদের’ সংবর্ধনা দেবে এনসিপি। তিনি অভিযোগ করেন, এসব বন্দি পরিবারের সঙ্গে সরকারের আচরণ ছিল অসহযোগিতামূলক এবং সরকারকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।
Reporter Name 











